রাজধানীর পল্লবীতে ‘শর্ত প্রযোজ্য’ কথাটি ছোট করে ‘সিএ’ লিখে বড় অফারে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে ‘লাইভ শপিং’ নামে একটি শোরুমের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে শোরুমটিতে অফার পেয়ে পণ্য কিনতে আসা গ্রাহকদের সঙ্গে বিক্রেতাদের বাকবিতণ্ডা ও হট্টগোলের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালের দিকে পল্লবী মেট্রো স্টেশনসংলগ্ন মডার্ন কনভেনশন হলের ভবনের পঞ্চম তলায় অবস্থিত ‘লাইভ শপিং’ নামের একটি শোরুমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই শোরুমে অফার দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছিল। অফারে ‘শর্ত প্রযোজ্য’র বিষয়ে অফারের নিচে ছোট করে ‘সিএ’ লেখা ছিল, যা গ্রাহকদের চোখ এড়িয়ে যায় বা তারা খেয়াল করেননি। অফার পেয়ে পণ্য কিনতে ওই শোরুমে ভিড় করেন গ্রাহকরা। কিন্তু শোরুমের বিক্রেতারা শর্ত প্রযোজ্যের বিষয়ে জানালে তারা ক্ষোভ দেখান এবং দোকানিদের ওপর চড়াও হন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। সেই সঙ্গে অফার দিয়ে শর্ত প্রযোজ্যের কথা বলে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেওয়া হয়।
এদিকে লাইভ শপিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শোরুমে লুটপাট চালানো হয়েছে। কতিপয় ব্যক্তি শোরুম থেকে নানা পণ্য লুট করেছে। তাদের ফেসবুক পেজ ‘লাইভ শপিং’-এ এই বিষয়ে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করে সাহায্য চাইতে দেখা গেছে।
তবে এ বিষয়ে লাইভ শপিংয়ের পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করে কারও সাড়া পাওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাছির বাংলা ট্রিবিউনকে বলেন, “ওই প্রতিষ্ঠানটি অফার দিয়ে পণ্য বিক্রি করছিল। সঙ্গে তারা শর্ত প্রযোজ্যের কথাও বলেছিল। এখানে কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠানটি সংক্ষেপে ‘সিএ’ লিখেছিল। যা গ্রাহকদের চোখ এড়িয়ে গেছে বা তারা বুঝতে পারেননি। অফারের বিষয়ে জেনে গ্রাহকরা দোকানে যাওয়ার পর শর্ত প্রযোজ্যের বিষয়ে জানতে পেরে দোকানিদের ওপর ক্ষোভ দেখান। হট্টগোলের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে আমরা গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করি।”
তিনি বলেন, দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গ্রাহকরাও চলে গেছেন। তবে লুটপাটের বিষয়ে তার জানা নেই। এ ঘটনায় কোনও গ্রাহক প্রতারিত হয়ে থাকলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।









