বিদ্যালয় থেকে বনভোজনে যাওয়ার পথে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শাহীন স্কুলের সিরাজগঞ্জ শাখার অন্তত ৩০ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলা অংশের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হোসেন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বার্ষিক বনভোজন উপলক্ষে শাহীন স্কুলের সিরাজগঞ্জ শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বাসে করে রাজশাহীর সাফিনা পার্কের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মানিকপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও বনভোজনের বাসে থাকা অন্তত ৩০ জন আহত হন।’
আহতদের মধ্যে রেজাউল করিম (৩৯), জয়নাল আবেদীন (২৬), সিনহা ইসলাম (৭), সোনালী খাতুন (২৫), বর্ষা খাতুন (২০), তাসলিম আহম্মেদ (৩৩), হজরত আলী (৫০), দিঘি খাতুন (১২), রাব্বি হাসান (২৪), আশরাফুল ইসলাম (৪২), বিউটি বেগম (২৬), হাওয়া বেগম (৩০), মনিরুল ইসলাম (৩৩), হাবিবা খাতুন (১২), রেজাউল করিম (৪৫), কাব্য হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৪৬) রয়েছেন।
দুর্ঘটনার পর বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্য, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার আমিনা হাসপাতালে ভর্তি করেন।
শাহীন স্কুলের অন্তত পাঁচ জন শিক্ষক অভিযোগ করে বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছুটে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই বাসটি তাদের বাসকে ধাক্কা দেয়। এতে কেউ সিট থেকে নিচে পড়ে যান, আবার কেউ জানালার সঙ্গে ধাক্কা খান। মুহূর্তেই বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটির চালক পালিয়ে যান। দুর্ঘটনার কারণে বনভোজনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে।’









