পাবনার ফরিদপুরে জেলি, সয়াবিন তেল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও উপজেলা প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পুরেন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠান সিলগালাও করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা সতর্ক হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে একটি দল বিকেলে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের ছদ্মবেশে এলাকায় যায়। পরে রাতে দুধ তৈরির কার্যক্রম শুরু হলে অভিযান চালানো হয়।
অভিযানে শামীম হোসেন নামের এক ব্যবসায়ীকে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর সময় শনাক্ত করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে নকল দুধ তৈরির কার্যক্রম দেখতে পান অভিযানকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরিদপুর উপজেলার ইউএনও ইমামা বানীম। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই ড্রাম জেলি ও এক ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।
ইউএনও ইমামা বানীম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তথ্যের ভিত্তিতে রাতে স্বপ্ন ডেইরি ফার্মে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, অভিযানের খবর পেলে চক্রটি সতর্ক হয়ে কার্যক্রম গুটিয়ে ফেলতো। এ কারণে তাদের শনাক্ত করতে ছদ্মবেশে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে ভেজাল মেশানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।