শুরুতে ফিফা আসিয়ান কাপ এরপর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতার পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আপাতত তাকে রাখা হবে, নাকি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে— এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি।
শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় মূল আলোচ্য বিষয় ছিল সাফে বাংলাদেশের ব্যর্থতা এবং কোচ ডুলির ভবিষ্যৎ। সভায় উপস্থিত ছিলেন ডুলি নিজেও। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের কারণ ও দলের পারফরম্যান্স নিয়ে কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরে তাকে সভা থেকে বিদায় দিয়ে নিজেদের মধ্যে আরও প্রায় ৩০ মিনিট আলোচনা করেন কমিটির সদস্যরা। কিন্তু তাতেও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।
সভা শেষে কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ডুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন। দ্রুতই পরবর্তী সভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হবে।
বাবু বলেন, কোচকে আমরা বাদ দেবো, রাখবো, নাকি কী করবো, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। খুব শিগগিরই আরেকটি সভা ডাকবো। সেখানে সিদ্ধান্ত নিয়ে নির্বাহী কমিটিতে পাঠাবো।’
ডুলিকে দায়িত্বে রাখা হবে কি না, এমন প্রশ্নে বাবু বলেন, ‘আজ আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। দেশের ফুটবল, ফুটবলার এবং দেশের বৃহত্তর স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেটাই নেবো।’
শুধু প্রধান কোচের বিষয়ে সিদ্ধান্ত নিয়েই থামতে চায় না বাফুফে। ডুলির অধীনে কাজ করা সহকারী কোচ, ভিডিও অ্যানালিস্ট, ফিজিও এবং দেশীয় কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলতে চায় কমিটি। কোচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়াতেও ত্রুটি থাকতে পারে বলে স্বীকার করেছেন বাবু। এ কারণে সভায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকেও রাখা হয়েছিল।
বাবু বলেন, ‘আমরা মনে করছি, নিয়োগপ্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতে পারে। সে কারণেই টেকনিক্যাল ডিরেক্টরকে আজকের সভায় রাখা হয়েছে। প্রধান কোচের পাশাপাশি সহকারী কোচ, ভিডিও অ্যানালিস্ট ও ফিজিওদের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী কথা বলবো।’
সাফ চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ২০০৩ সালের পর আবারও ট্রফি জয়ের আশায় টুর্নামেন্ট শুরু করলেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের। এর আগে ফিফা উইন্ডোতে আসিয়ান কাপেও তিন ম্যাচের সবগুলোতে হেরেছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হার ছিল সেই অভিযানের সবচেয়ে বড় ধাক্কা।
সব মিলিয়ে ডুলির অধীনে দলের পারফরম্যান্স, কোচ ও খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব এবং কোচিং স্টাফ নিয়োগপ্রক্রিয়া– সবকিছুই এখন বাফুফের পর্যালোচনায়। ফলে ডুলির ভাগ্য নির্ধারণে পরবর্তী সভার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে।