কুড়িগ্রামের উলিপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবকের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন নূর হোসেন (২৫) ও রাশেদুল হক (২৩)। তাদের বাড়ি জেলার উলিপুর উপজেলার সরদারপাড়ায়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আদালত সূত্র জানায়, জেলার উলিপুর উপজেলার তবকপুর মিস্ত্রীপাড়া এলাকার এক এসএসসি পরীক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার সময় পার্শ্ববর্তী এলাকার তবকপুর সরদারপাড়ার দারোগ আলীর ছেলে নুর হোসেন ও মোন্নাফের ছেলে রাশেদুল হক উত্যক্ত করতেন। ঘটনাটি তাদের অভিভাবকের জানালে মেয়টিকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরই জের ধরে ২০০৯ সালের ১৪ এপ্রিল দুপুরে স্কুল থেকে ফেরার পথে মেয়েটির পথ রোধ করে চারজন। তারা মেয়েটিকে অপরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন ছুটে আসলে নূর হোসেন জনতার হাতে আটক হয়। পরে নির্যাতিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের এ ধরনের অপরাধ সংগঠনের ক্ষেত্রে ভয় ও আতঙ্ক কাজ করবে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল খালেক চাঁদ।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, গ্রেফতার ১
/বিটি/টিএন/







