রবিবার (৭ আগস্ট) রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচনকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডাক সাইটে নেতা সহ উত্তরাঞ্চলের অনেক শীর্ষ নেতাই দিন রাত তার সমর্থনে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক চলছে দিনরাত।
তবে শামীমের লোকজনের বিরুদ্ধে নানা নানা হুমকিধামকি দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। তিনি অভিযোগ করেন তার সমর্থক ও ভোটারদের এই বলে হুমকি দেওয়া হচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে জঙ্গি তালিকায় নাম দিয়ে শায়েস্তা করা হবে। এ ছাড়াও নাশকতার মামলা দিয়ে জামায়াত শিবির বানানোর হুমকিও দেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন নিরপেক্ষ ভোট হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তবে সাইদুর রহমানের অভিযোগ শতভাগ মিথ্যা ও বানানো বলে দাবি করেছেন শামীম। নিজের জয়ের সম্ভাবনা শতভাগ বলেও দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা রংপুর ৬ আসনের পীরগঞ্জ। এই এলাকাটিকে পৌরসভা করার প্রতিশ্রুতি ছিল প্রধানমন্ত্রীর। তার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জ হওয়ায় পুত্রবধূ হিসেবে শেখ হাসিনা এলাকায় অসম্ভব জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি পর পর দুবার এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ সংসদ নির্বাচনে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর এ আসনটি ছেড়ে দেন। পরে উপনির্বাচনে দলের মনোনয়ন পান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বর্তমানে এ আসনের এমপি স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী । সেই দিক থেকে বিবেচনা করলে এ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি দলের প্রেস্টিজ ইস্যু হিসেবেও দেখা দিয়েছে।
পীরগঞ্জ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে মহিলা ভোটার হচ্ছে ৬ হাজার ৬শ জন। আর পুরুষ ভোটার হচ্ছে ৬ হাজার ৩৩৭ জন।
মেয়র পদে এখানে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের পীরগজ্ঞ উপজেলা সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম। বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সেবু। আর দুজন হলেন স্বতন্ত্র প্রার্থী। এদের একজন পীরগজ্ঞ সদর ইউনিয়নের পর পর দুবার নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান যিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন হচ্ছেন পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি কাজী লুমুম্বা লুমু অ্যাডভোকেট। উনি জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও কাউন্সির পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিন পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ প্রার্থী শামীমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে অপর স্বতন্ত্র প্রার্থী কাজী লুমুম্বাও বেশ এগিয়ে আছেন। ফলে কে মেয়র নির্বাচিত হবেন তা জানা যাবে রবিবার ভোট গ্রহণ শেষে গণনার পর।
বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম সেবুর পক্ষে তেমন কোনও প্রচারণা লক্ষ্য করা যায়নি। সাধারণ ভোটাররা বলছেন দল হিসেবে নির্বাচন করতে হয় বলেই করছেন। তবে তিনি দাবি করেছেন সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন আছে তার প্রতি। তিনিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে অপর স্বতন্ত্র প্রার্থী কাজী লুমুম্বা অভিযোগ কালো টাকার ছড়াছড়ি চলছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগন তাকেই ভোট দেবে বলে দাবি করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মী ছাড়াও আশপাশের জেলা এমনকি ঢাকা থেকে ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারও এসে নেমে পড়েছেন নির্বাচনি প্রচারণায়। তারা সভাসমাবেশ করার চেয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থণা করছেন।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন রিটানিং অফিসার রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিন। তিনি জানান নির্বাচনে কোনও অনিয়ম বরদাশত করা হবে না। ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার ছাড়া বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আনছার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। এ ছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব স্ট্রাইকিং ফোর্স থাকবে। ফলে নির্বাচন অবাধ ও সুষ্টু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
আরও পড়ুন-
অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
ব্যাচেলরদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
/এফএস/








