রংপুর অঞ্চল জঙ্গি কর্মকাণ্ডের কারণে সবচেয়ে ঝুঁকিপুর্ণ বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার দুপুরে রংপুর বিজিবি সদর দফতরের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে নবগঠিত ৬১ ব্যাটালিয়ান ‘তিস্তা’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশে বিজিবির ৪টি অঞ্চলের মধ্যে রংপুর হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে জঙ্গি তৎপরতা সবচেয়ে বেশি। তাছাড়া ২০১৩ এবং ২০১৪ সালে এখানে বিভিন্ন নাশকতাসহ অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি। এখানের কোন কোন এলাকা দিয়ে গান পাউডার ও অস্ত্র আসে সে বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
তিনি আরও জানান, জঙ্গিরা যাতে রংপুর অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ কিংবা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য এ অঞ্চলের সীমান্ত এলাকা জুড়ে সর্তকতা জারি করা হয়েছে। জঙ্গিদের যেকোনও তৎপরতা কঠোরভাবে প্রতিরোধ করতে বিজিবি সর্তক রয়েছে। গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর ৫ জুলাই ৪ জঙ্গি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এমন খবর দিলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিবির উত্তম-পশ্চিম রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল শাহারিয়ার আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, রংপুর সদর দফতরের সেক্টর কর্নেল জুলফিকার আলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- পণ্যজটে স্থবির বেনাপোল বন্দর, ক্রেন ও ফর্কলিফট অচল
- ‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’
/এমও/







