নীলফামারী সদরে একটি নকল সার কারখানার সন্ধান মিলছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে জিপসার, জিঙ্ক, অ্যাবোন, সয়োবিট ডায়জিসনসহ প্রায় ১৪ প্রকারের নকল সার ও বালাইনাশক উদ্ধার করা হয়।
এসময় কারখানার মালিক মামুনুর রহমানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা অনাদায়ের এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। মামুনুর রহমান জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি চাকধাপাড়া গ্রামের এজাজুল হকের ছেলে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীতলায় দেশ কয়েল ফ্যাক্টরি সংলগ্ন একটি নকল সার তৈরি কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে ডলোচুন, সিমেন্ট, বালি মিশিয়ে দানা তৈরি করার পর সেটি রং করে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করা হতো।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন বলেন, সেখানে অভিযান চালিয়ে নকল সার তৈরির ওই কারখানার মালিক মামুনুর রহমানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা জমা দেওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে কারখানা থেকে উদ্ধার করা মালামাল ধ্বংস করা হয়েছে।
সার কারখানার মালিক মামুনুর রহমান বলেন, আমি ভাড়ার একটি ঘরে ওই সার তৈরির কারখানা গড়ে তুলেছিলাম। আমি ভুল করেছি, আদালতে ক্ষমাও প্রার্থনা করেছি।
/এমও/








