গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটি হত্যা মামলায় গ্রেফতার হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর আদালতের বিচারক জয়নাল আবেদিন তার জবানবন্দি রেকর্ড শুরু করেন।
এর আগে, গত সোমবার রাজীব গান্ধীকে একই আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় সিআইডি। পরে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের ঘোড়াবান্দা এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে ২০১৫ সালের ২ জুন বিকালে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গ্রামে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় রাজীব গান্ধীকে পাঁচ দিনের রিমান্ডে নেয় সিআইডি। রিমান্ডে রাজীব গান্ধী চিকিৎসক মাহবুবর রহমানকে হত্যার কথা স্বীকার করে।
রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তার বাবার নাম মাওলানা ওসমান গণি মণ্ডল।
/বিএল/
আরও পড়ুন:
‘অপারেশন হিট ব্যাক’ ফের শুরু, ব্যবহার করা হচ্ছে ড্রোন








