নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার তাঞ্জিলুর রহমান দাবি করেছেন, তার জীবননাশের হুমকি দিয়ে চিঠি দিয়েছে দৃর্বত্তরা। সেই সঙ্গে চিঠির খামে প্রতীকী কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে তাঞ্জিলুর রহমান নিজেই এই তথ্য জানান। বুধবার দুপুরে চিঠিটি ডাকে পৌঁছেছে বলে জানান তিনি।
পুলিশ সুপার তাঞ্জিলুর রহমান জানান, হুমকিদাতা নিজের পরিচয় গোপন রেখে চিঠিতে লিখেছে, ‘সৈয়দপুরে তোর দিন শেষ। সাবধান! তোর মৃত্যু আমার হাতে, কেউ তোকে রক্ষা করতে পারবে না। জিআরপি পুলিশ দিয়ে রেলের লোহা লক্কর ও টিকিট বিক্রি করে কতটাকা ভাগ পেয়েছিস তার হিসাব রেডি করে রাখ।’ পুলিশ সুপার বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া হবে এরকম কথা সহ নানা হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিনকেও ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, ‘রেললাইন উপড়ে ফেলা, ট্রেনে আগুন ও ব্যাপক নাশকতা করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের জানানো হয়। বিষয়টি প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু চিঠির আদ্যপান্ত পড়ে মনে হচ্ছে এটি পরিকল্পিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং তথ্য উদঘাটনে তদন্ত চলছে।’
আরও পড়ুন- ‘৯৭ বছরে এমন বর্বরতা দেখিনি’







