বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার রোহিঙ্গাদের ঠিকমতো আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। প্রথমদিকে তারা (সরকার) আশ্রয় না দেওয়ার কথা বলেছেন। তাদের সন্ত্রাসী বলেছেন, কয়েক হাজার রোহিঙ্গাকে ফেরৎ পাঠিয়েছেন। পরে যখন সমগ্র বিশ্ব রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে, যখন সমগ্র বিশ্ব মিয়ানমার সরকার ও সু চিকে ধিক্কার দিচ্ছেন তখন সরকারের সম্বিত ফিরে এসেছে।’
ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ঢাকা মহানগর (উত্তর) এর পক্ষ থেকে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘এখনও লাখ লাখ রোহিঙ্গা এই বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে। এখনও শত শত শিশু ডায়রিয়ায় আক্রান্ত। রোহিঙ্গা মায়েরা রাস্তায় সন্তান প্রসব করছে। কিন্তু সরকার তেমন কোনও ব্যবস্থা করতে পারেনি।’ তিনি রোহিঙ্গাদের ভালোভাবে আশ্রয় দেওয়া এবং তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানান।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশে আজ ১০ বছর ধরে সাধারণ মানুষের জন্য গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। ২০১৪ সালে নির্বাচনে কোনও মানুষ ভোট দিতে পারে নাই। আজ চালের দাম আকাশচুম্বি হয়ে গেছে। সরকার নিজেই তৈরি করেছে এই সংকট। শুধু চালের দাম নয়, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’
বিএনপি ঠাকুরগাঁও জেলা সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর (উত্তর) এর সিনিয়র সহ-সভাপতি ফজলুল বাকি আঞ্জু , সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসান ও ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল প্রমুখ।
আরও পড়ুন- রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী: ওবায়দুল কাদের








