দিনাজপুর ডক্টরস ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভুল চিকিৎসায় রেজাউল কুমার বাবু (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর ওই ক্লিনিকে অস্ত্রপচার করার পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।মৃত বাবু জেলা সদরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত. তমিজউদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর হার্নিয়ার চিকিৎসার জন্য বাবু ডক্টরস ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি হন। সেখানে কোনও ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডা.তৌহিদুর রহমান তার অপারেশন করেন। চিকিৎসক চলে যাওয়ার পর রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিকের লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে নিয়ে ভর্তি করে। দীর্ঘ ১২ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মৃত বাবুর ভাই রানা অভিযোগ করে বলেন, ‘ভুল চিকিৎসায় আমার ভাই মারা গেছেন।’এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ সুশেন চন্দ্র রায় বলেন,‘একটা রোগীর অবস্থা নির্ভর করে চারটি বিষয়ের ওপর। সেগুলো হলো সার্জারি, অবচেতনকারী, হাসপাতাল মেনেজম্যান্ট এবং রোগী। এই রোগীর ক্ষেত্রে চারটির মধ্যে স্মন্বয় ছিল না। তাছাড়া রোগীর হারনিয়ার অবস্থা খুব খারাপ ছিল। হারনিয়ার চিকিৎসা করতে খুব দেরি হয়ে গেছে। রোগী দেরি করেছেন অথবা চিকিৎকরা দেরি করে ফেলেছে। তাছাড়া রোগীর হার্টের সমস্যা ছিল। যে কারণে আমরা অনেক চেষ্টা করেও রোগীকে বাঁচাতে পারিনি।’
এ ব্যাপারে নিহতের প্রতিবেশী আক্তারুজ্জামান জুয়েল বলেন,‘আমরা যতদূর জানি ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তিনি দেখা করেননি।
এ ব্যাপারে ওই ক্লিনিকের ম্যানেজার হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল (০১৭১৪৩৩২৭৭৮) বন্ধ পাওয়া যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, এ ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন: অন্ধকারে নাফ নদীর তীরে চার ঘণ্টা








