নীলফামারীতে দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৩ হাজার ৪৮ জন কৃষককে কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্তি উপ-পরিচালক মো.কেরামত আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এর মধ্যে প্রথম দফায় গত ২৩ সেপ্টেম্বর পেয়েছেন ১৪ হাজার ৭৪৮ জন কৃষক। বাকি ৮ হাজার ৩০০ কৃষক চলতি মাসের মধ্যে ওই প্রণোদনা পাবেন। এর জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৪৭০ টাকা। এর মধ্যে প্রথম দফায় বিতরণ করা হয়েছে ২ কোটি ২ লাখ ৩৩ হাজার ৬২০ টাকা। জেলা ও উপজেলা কৃষি বিভাগ দ্বিতীয় দফা প্রণোদনার কাজ শুরু করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, নীলফামারী জেলায় সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গম, সরিষা, ভুটা, বিটি বেগুন, মুগডাল চাষে ২৩ হাজার ৪৮ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে। আর এতে কৃষি মন্ত্রণালয় নীলফামারী জেলায় বরাদ্দ দিয়েছে ২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৪৭০ টাকা। এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে ১ হাজার ৫০০ বিঘায় সরিষা, ৬ হাজার বিঘায় গম, ৬ হাজার ৫০০ বিঘায় ভুট্টা, ৪৮ বিঘায় বিটি বেগুন ও খরিপ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল ৭০০ বিঘায় আবাদ করবে ।
প্রথম দফায় ১ হাজার ৫০০ জন কৃষকে ১১ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা দেওয়া হয়েছে। ৬ হাজার কৃষককে গম চাষে জন্য ৯৮ লাখ ৭০ হাজার টাকা ও ভুট্টা চাষে ৬ হাজার ৫০০ কৃষককে ৮৪ লাখ ৬৩ হাজার টাকা, বিটি বেগুন চাষে জন্য ৪৮ জন কৃষককে ৩৯ হাজার ১২০ টাকা এবং খরিপ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল চাষে ৭০০ কৃষকের মাঝে ৬ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মো. কেরামত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই প্রণোদনার প্রথম ধাপের টাকা গত ২৩ সেপ্টেম্বর দেওয়া হয়েছে। দ্বিতীয় দফা প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রস্ততি চলছে। তবে আশা করি চলতি মাসের মধ্যে বিতরণ শুরু হবে।’
তিনি বলেন, ‘জেলা কমিটির সভা শেষে বিভাজন করে উপজেলা পর্যায় চিঠি পাঠানো হয়েছে। উপজেলা থেকে বিভাজন করে ইউনিয়ন পর্যায়ে কৃষকের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়তে পারেন: নড়াইলে ইউপি চেয়ারম্যান ও পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা







