কুড়িগ্রামে ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য মামলায় দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আগামী ২৩ ও ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার প্রধান আসামি জেএমবির অন্যতম সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানীকে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এইচএম ইলিয়াস হোসাইনের আদালতে হাজির করা হয়। জেএমবি সদস্য রাজিব গান্ধী হলি আর্টিজান ও শোলাকিয়া হত্যা মামলারও আসামি।
আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জানান, আদালত আসামিপক্ষের বক্তব্য এবং রাষ্ট্রপক্ষের পিপির বক্তব্য অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ৩, ৪ এবং ৬ ধারায় অভিযোগ গঠন করেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, দুই আসামি রাজিব গান্ধী এবং গোলাম রব্বানীর উপস্থিতিতে অভিযোগের শুনানি হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আগামী ২৩ এবং ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা বোমা বিস্ফোরণ করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা হয়। মামলার সাত আসামির মধ্যে চার আসামি হলি আর্টিজান, শোলাকিয়া, নান্দাইল ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি এক আসামি এখনও পলাতক।






