বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল, এখন ৬০ টাকা কেজিতেও চাল পাওয়া যায় না। সারের দাম বাড়িয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বলতে কিছু নাই। প্রকাশ্য দিনের বেলায় লোকজনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলে দেয়। কোনও বিচার নাই। সত্যিকার অর্থে যদি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, জিনিসপত্রের দাম কমিয়ে আনতে হয়, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হয় তাহলে ধানের শীষকে ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করতে হবে।’
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সাতখামার এলাকায় পঞ্চগড় জেলার বোদা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হকিকুল ইসলামের জন্য এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘এখন চলছে দুঃসময়। গণতন্ত্র নাই, আমাদের অধিকার নাই। আমাদের অধিকার সব কেড়ে নেওয়া হচ্ছে। লুটপাট করে দেশকে শেষ করে দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘মনোনয়ন কে পেয়েছেন কে পাননি তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। ধানের শীষে ভোট দিন।’
বোদা পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।







