দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই দেশের শিল্পীদের যৌথ সংগীত পরিবেশনা, সুধীজনদের উপস্থিতি ও শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে যৌথভাবে পালন করা হবে দিনটি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে অনুষ্ঠানের প্রধান আয়োজক ও হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি আরও জানান, এবারের অনুষ্ঠানে ভারত থেকে শিল্পী ও সুধীজন মিলে ২২জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ও বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক উপস্থিত থাকারও কথা রয়েছে। অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অস্থায়ী শহীদ মিনারে দুই দেশের সুধীজনদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। পরে ভারতের বালুরঘাটে ভারতীয় সুধীজনদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাংবাদিক জাহিদুল ইসলাম। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন উজ্জ্বীবন সোসাইটির সুরুজ দাস জয়েন্ট মুভমেন্ট কমিটি ও করিডোরের আহ্বায়ক নবকুমার দাসসহ অনেকে।







