ভারতে পাচারকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার কেজি বীজ ধান আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার কচাকাটা সীমান্ত থেকে এসব বীজ ধান জব্দ করা হয়। কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নাগেশ্বরীর কচাকাটা থানার কেদার বর্ডার আউটপোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা পশ্চিম খামার এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার কেজি (প্রায় ৯০ মণ) বীজ ধানসহ ব্যাটারি চালিত ৪টি অটোরিকশা আটক করে। এ সময় পাচারকারীরা বীজ ধান ও অটোরিকশা ফেলে পালিয়ে যায়। জব্দ বীজ ধানের মূল্য প্রায় ১৯ লাখ ২২ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, এসব বীজ ধান ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। ভারতে বীজ ধানের দাম বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় মুনাফালোভী পাচারকারীরা এগুলো ভারতে পাচার করছিল। তবে বিজিবি এসব সীমান্ত এলাকায় তৎপর রয়েছে।








