বর্তমান সরকারের ১০০ রেল ইঞ্জিন, সাড়ে ৫০০ কোচ ও মালামাল পরিবহনে নতুন ওয়াগন আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আনা ১৫টি নতুন কোচ পরিদর্শনে এসে তিনি একথা জানান।
নূরুল ইসলাম সুজন বলেন, ‘শুধু সড়ক পথের উন্নয়নে দেশের যাতায়াত ব্যবস্থায় বিদ্যমান সমস্যা সমাধান করা যাবে না। তাই নতুন কোচ, ইঞ্জিন ও ওয়াগন আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শিগগিরই রেলবহরে যুক্ত হবে।’
তিনি আরও বলেন, ‘যে সব জেলার সঙ্গে এখনও রেল যোগাযোগ স্থাপন হয়নি, সেসব জেলার সঙ্গে রেল যোগাযোগ চালু করা হবে। সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রেল মন্ত্রণালয়।’
রেলপথমন্ত্রী বলেন, ‘শিগগিরই বঙ্গবন্ধু যমুনা সেতুতে ডবল লাইনের রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হবে। এ ছাড়া, নীলফামারীর ডোমারের চিলাহাটি-হলদিবাড়ি, পঞ্চগড়-শিলিগুড়ি, আখাউড়া-আগরতলাসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।’
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন– পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খন্দকার শহিদুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায় (ভারপ্রাপ্ত) জয়দুল ইসলাম, পার্বতীপুর লোকোমেটিভ কারখানার সিএক্স মুহাম্মদ কুদরত-ই-খুদা, মন্ত্রীর এপিএস মো. রাশেদ প্রধানসহ অনেকে।






