দিনাজপুরের কাহারোলে কাজ করার সময় সেপটিক ট্যাংকের সাটারিং ভেঙে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮মে) সকাল সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলার ইশাইল চৌধুরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাহারোল থানার ওসি আইয়ুব আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের আব্দুল খালেক ওরফে বাকির (৪২) ও একই গ্রামের নাসিম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কাহারোল উপজোর ইশাইল চৌধুরীপাড়া এলাকায় সমশের আলীর বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় সেপটিক ট্যাংকের সাটারিং ভেঙে পড়ে যায় ওই দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে সেখানে অক্সিজেনের অভাবে কিংবা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।






