বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্যাংক বুথে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয় জন। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিবুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগসহ আরও কয়েকটি বিভাগের ভর্তি ও ফরম পূরণের তারিখ নির্ধারণ ছিল। বিশ্ববিদ্যালয়ের কোনও স্থায়ী ব্যাংক শাখা না থাকায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অস্থায়ী একটি ব্যাংক বুথে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে থাকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বেলা ১২টার দিকে পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বুথে টাকা জমা দেওয়ার সময় লাইনে দাঁড়ায়। এ সময় লাইনে না দাঁড়িয়েই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থী পাশে থেকে টাকা জমা দিতে থাকে। এতে বাধা দেয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। এ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কবিরুল ইসলাম কাকন, দিপু এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামীম, রোহান। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের কর্মরত ডাক্তার অলক কুমার বলেন, ‘আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আরেকজনের নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বলেন, ‘ব্যাংক বুথে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।







