দিনাজপুরের হিলিতে কয়েকদিন বৃদ্ধির পর আজ রবিবার হঠাৎ করেই তাপমাত্রা কমতে শুরু করেছে। সেসঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রবিবার সকাল থেকে হঠাৎ করেই হিলিতে বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেকেই ছাতা নিয়ে হেঁটে গন্ত্যবে পৌঁছাতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনা সড়কে মানুষের যাতায়াত কম দেখা গেছে। অপরদিকে সকাল থেকেই পুরো আকাশ ঘন কুয়াশায় ঢাকা রয়েছে, দেখা মেলেনি সূর্যের। এতে করে তাপমাত্রা কমায় আবারও নতুন করে শীত বাড়তে শুরু করেছে।
দিনমজুর রহিম হোসেন বলেন, গত দু’দিন ধরে বেশ রোদ ছিল, যার কারণে শীত ছিল না বলেই চলে। কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করে শীত বেড়েছে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কাজে যেতে ও কাজ করতে কষ্ট হচ্ছে।
সিএনজি চালক রফিকুল ইসলাম ও ভ্যানচালক লুৎফর রহমান বলেন, আজ হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আবার শীত পড়তে শুরু করেছে। এতে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। এছাড়া কুয়াশার কারণে সামনে কিছু দেখাও যাচ্ছে না, যার কারণে যাত্রীও কমে গেছে। এতে করে আমাদের আয় কমে যাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি যা আজ রাতে আরও ২ ডিগ্রি কমতে পারে। আগামীকাল একইভাবে আরও ২ ডিগ্রি কমতে পারে। এতে করে আগামীকাল বা তারপরের দিন থেকে দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এ সময় ৮ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা থাকবে।’








