ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে আজ প্রথমবারের মতো কুড়িগ্রাম আসছেন হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমদ শফী। সোমবার (২ মার্চ) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত মহাসম্মেলনে তিনি বক্তব্য দেবেন।
কুড়িগ্রাম জেলা ক্বওমী ওলামা পরিষদ এ মহাসম্মেলনের আয়োজন করেছে। জেলা ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
ইসলামী মহাসম্মেলনের আয়োজক কমিটি সূত্র জানায়, নছিয়ত মূলক আলোচনা করতে আহমদ শফি কুড়িগ্রাম আসছেন। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
হেফাজতের আমির ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেমে সরকারি কলেজ মাঠে আয়োজিত মহাসম্মেলনে যোগ দেবেন। বাদ জোহর তিনি বক্তব্য পেশ করবেন বলে জানায় আয়োজক কমিটি।
জেলা ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রথমবারের মতো আহমদ শফি কুড়িগ্রাম আসছেন। জেলার সব উপজেলাসহ পাশ্ববর্তী জেলা থেকে আলেম ওলামাসহ লক্ষাধিক মানুষ সমাবেশে উপস্থিত হবেন বলে আমরা আশা করছি। সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এদিকে ইসলামী মহাসম্মেলনের নিরাপত্তা নিশ্চত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মেনহাজুল আলম জানান, সম্মেলনের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য মোতায়েত করা হয়েছে। নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মাঠে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








