কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে পঞ্চগড় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রতিবাদ সভায় অংশ নেন।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুল করিম, পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মিজানুর রহমান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙা জাতির জন্য এক অশনি সংকেত। একাত্তরের পেতাত্মা ও তাদের দোসরেরা স্বাধীনতার ৪৯ বছরেও জাতির পিতাকে মেনে নিতে পারেনি। তাই তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস দেখাচ্ছে। পাকিস্তানি এ অপশক্তি যেন আগামীতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সর্তক থাকার আহ্বান জানান বক্তারা।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে চেম্বারের প্রেসিডেন্ট মো. শরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল হান্নানসহ চেম্বারের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।








