দিনাজপুরের হিলিতে সাথি বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, ননদের স্বর্ণের চেইন চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে সাথিকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। এদিকে সাথি অভিমান করে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এঘটনায় নিহতের স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ি রাসেদা বেগমকে আটক করছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় হিলির জাংগই গ্রামে এই ঘটনা ঘটে। সাথি বেগম হিলির মুশিদপুর নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। ৩ বছর আগে তাদের দু’জনের বিয়ে হয়। ওই দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, সংবাদ পেয়ে এসআই নিহারঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি দল হিলির জাংগই গ্রামের আরিফুল ইসলামের বাড়ি থেকে সাথি বেগমের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে স্থানীয়রা নিহতের স্বামী আরিফুল ইসলাম ও শাশুড়ি রাসেদা বেগমকে আটক করে রাখা অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে আটক দুজনসহ অপর একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এমএম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে শনিবার পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।









