উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭৮ জন। শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ।
দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মো. এজাজ-উলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের পজিটিভ এসেছে। এই উপজেলায় আক্রান্তের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।
একই সময়ে দিনাজপুরে নতুন করে ভাইরাসটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- দিনাজপুর শহরের নতুনপাড়ার স্বরস্বতী ভৌমিক (৫০), মিশন রোডের আনোয়ারা বেগম (৬৩), সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের মাহাতাব উদ্দিন (৭৫) এবং বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (৭৫)। এই জেলায় এখন পর্যন্ত ভাইরাসটিতে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।









