দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিন্টু ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামে প্রতিদিনের মতো গত বুধবার (৩০ জুন) ছোটদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। সেখানে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগে। পরদিন বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে খেলার বিষয় নিয়ে অভিভাবক পর্যায়ে তর্ক শুরু হলে দুই পক্ষের সংঘর্ষে মিন্টু ইসলাম এবং তার দুই ভাই শাকিল ও ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসে। মিন্টু ইসলামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
শনিবার (৩ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নিহত মিন্টু ইসলামের ছোট ভাই মো. জামরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর মো. শফিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।








