দিনাজপুরের খানসামায় করলার ক্ষেত থেকে অলোকা রায় (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী অনিল চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় খানসামা উপজেলার গোয়ালদিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফাপাড়া নামক এলাকার একটি করলার ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। অলোকা রায় ও আটক অনিল ওই ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, আজ সকালে করলার ক্ষেতে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, অলোকাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিল অনিল। তাদের ধারণা, নির্যাতনে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় খানসামা থানায় মামলার প্রস্তুতি চলছে।









