দিনাজপুরের নবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা বাবা-ছেলে নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা ছেলে হলেন- কবিরুল ইসলাম (৩৫) ও তার ছেলে কাওছার হোসেন (৮)। কবিরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, বিকালের দিকে কবিরুল ইসলাম আত্মীয়ের বাড়ি থেকে সপরিবারে ব্যাটারিচালিত ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার গাজীপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক্টর সজোরে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে কাওছার মারা যায়। স্থানীয়রা কবিরুল ইসলাম, তার স্ত্রী, মেয়ে ও নবজাতক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিক্যালে নেওয়ার পথে কবিরুলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বালুবোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় কবিরুল ইসলামের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।








