পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরের একটি ইউনিয়নে ভোটকেন্দ্রে হামলার অভিযোগে করা মামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চলিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া পরাজিত চেয়ারম্যান প্রার্থী হলেন মীর্জা লিয়াকত আলী বেগ লিটন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৫ জানুয়ারি) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফল ঘোষণাকালে কেন্দ্রে ঢুকে নির্বাচনি মালামাল ছিনতাইয়ের চেষ্টা, ট্রাক্টর ভাঙচুর এবং নারী কনস্টেবলসহ চার জনকে মারধরের অভিযোগে করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই কেন্দ্রে দায়িত্বরত এএসআই বেলাল হোসেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে গণনাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা
আমিনুল হক ফল ঘোষণা করেন। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ লিটনের নেতৃত্বে ৩০০/৩৫০ জন লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তারা প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসারসহ দায়িত্বরতদের ওপর হামলা করে। তারা নির্বাচনি
কেন্দ্রে অরাজকতা সৃষ্টি, নির্বাচনি মালামাল ছিনতাই করার চেষ্টা এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। এ সময় তাদের হামলায় আহত হন দায়িত্বরত এএসআই বেলাল হোসেন, নারী কনস্টেবল এসমোতারা খাতুন, আবু জাহের, তুষার চন্দ্র রায় ও জাহিরুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড গ্যাস শেল নিক্ষেপ করে।
আলোকডিহি ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাজ উদ্দিন হোসেন শাহ্ আনারস প্রতীকে তিন হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর্জা লিয়াকত আলী বেগ লিটন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৯ ভোট।









