দিনাজপুরে আরও বেড়েছে তাপমাত্রা। এতে শীতের তীব্রতা একটু কমেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে জনজীবনে স্বস্তি এসেছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনাজপুরেও বৃষ্টি হতে পারে। এরপর কমে যাবে তাপমাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।
পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুরে ১১ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ৫, ডিমলায় ১১ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাট ১২ দশমিক শূন্য, নওগাঁয় ১২ দশমিক ৪ ও রাজশাহীতে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ।
দিনাজপুরে সকালে একটু কুয়াশা থাকলেও, সকাল সকাল সূর্য উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তীব্রতা। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জেলা তাপমাত্রা বেড়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিনাজপুরসহ দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আজকের আবহাওয়ার খবর।









