লটারির প্রকাশিত ফল ‘বদলে দিলেন’ পিআইও

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৪ মার্চ ২০২২, ১৬:১৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:১৯

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সিরাজুদ্দৌলার বিরুদ্ধে দরপত্রের প্রকাশিত লটারির ফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীন ‘গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু-কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দরপত্রের প্রকাশিত লটারির ফল বদলে নিজ অফিসের কার্য-সহকারীর ভাইকে কাজ দিয়েছেন পিআইও। এ নিয়ে ভুক্তভোগী ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ‘গ্রামীণ রাস্তার ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু-কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পে উলিপুর উপজেলায় পাঁচটি গ্রুপের দরপত্র আহ্বান করা হয়। 

গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব দরপত্রের প্রকাশ্য লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, উলিপুর পৌর মেয়র, উপজেলা প্রকৌশলী, ভাইস চেয়ারম্যান ও পিআইওসহ দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

লটারিতে পাঁচটি গ্রুপে বিজয়ী ঠিকাদার নির্বাচিত হন। এ সময় ১ নম্বর গ্রুপের কাজটি পান কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। কিন্তু লটারির পর অর্ক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু বক্কার সিদ্দিক পিআইও সিরাজুদ্দৌলার সঙ্গে দেখা করে কাজের প্রক্রিয়া অগ্রগামী করতে গেলে টালবাহানা শুরু করেন। লটারির দুই সপ্তাহ পর পিআইও ঠিকাদারকে জানান, ‘কাজটি নিয়ে সমস্যা হয়েছে। লটারিতে আসলে ১৫৯ নয় ১৬৯ নম্বর ক্রমিক উঠেছে। কাজটির জন্য একজনের কাছ থেকে আট লাখ টাকা নিয়েছি। বিষয়টি মেটাতে ইউএনও এবং সাংবাদিকদের চার লাখ টাকা দিতে হয়েছে। বাকি চার লাখের আমার জন্য দুই লাখ রেখে আপনি দুই লাখ নিয়ে যান।’

অভিযাগপত্রে ভুক্তভোগী ঠিকাদার দাবি করেছেন, এমন প্রস্তাবে রাজি না হওয়ায় পিআইও কাজ বাতিলের হুমকি দেন এবং বিজয়ী ঠিকাদারের তালিকা বদলে অর্ক ট্রেডার্সের ক্রমিকের স্থলে মা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ক্রমিক বসিয়ে নতুন তালিকা তৈরি করেন। মা এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান পিআইও অফিসের কার্য-সহকারী আনিছুর রহমান মুকুলের ছোট ভাই।

অভিযোগকারী ঠিকাদার আবু বক্কার বলেন, প্রস্তাবে রাজি না হওয়ায় পিআইও লটারির প্রকাশিত ফল পরিবর্তন করেছেন। তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফল সিটে শুধু ক্রমিক নম্বর বসিয়েছেন। কিন্তু বিজয়ী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম লেখেননি; যা বিধিবহির্ভূত। সিএস এবং ফল সিটে দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক এবং অপর আরও এক সদস্যের স্বাক্ষর নেই।

তিনি বলেন, পিআইও নিজে ব্যবসা করার উদ্দেশে নিজ অফিসের কর্মচারীর ভাইকে বিজয়ী দেখিয়েছেন। লটারির দিন হল রুমে উপস্থিত সব ঠিকাদার সাক্ষী দিচ্ছেন লটারিতে অর্ক ট্রেডার্স বিজয়ী হয়েছে। কিন্তু পিআইও সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লটারি ফল পরিবর্তন করেছেন। আমি এ নিয়ে আইনগত ব্যবস্থা নেবো।

জানতে চাইলে টেন্ডার কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম বলেন, ‘ওই দরপত্র মূল্যায়ন কমিটিতে আমি আহ্বায়ক কিনা জানি না। আমি সিএস কিংবা ফল সিটে কোনও স্বাক্ষর করিনি।’ এ ব্যাপারে পিআইও সিরাজুদ্দৌলার সঙ্গে কথা বলা পরামর্শ দেন সাদেকুল আলম।

জানতে চাইলে পিআইও সিরাজুদ্দৌলা বলেন, ‘ঠিকাদারের অভিযোগ সঠিক নয়। তার নাম লটারিতে ওঠেনি। টাকা লেনদেনের অভিযোগও সঠিক নয়।’

দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়কের স্বাক্ষর ছাড়া সিএস তৈরি এবং লটারির ফল সিট তৈরি বৈধ হয়েছে কিনা এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পিআইও।

ফল সিটে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম না লেখা এবং কমিটির সদস্যদের পদবি ভুল লেখার বিষয়টি স্বীকার করে পিআইও বলেন, ‘এটা আমার ভুল হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দরপত্রের লটারিতে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘২৬ মার্চের পর বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বীকার করে ইউএনও বলেন, ‘আমাদের উপস্থিতিতে লটারি হলেও সেদিন লটারি সংক্রান্ত কোনও কাগজে স্বাক্ষর করিনি।’

লটারিতে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হক বলেন, সেদিন ১ নম্বর গ্রুপের কাজটি পান কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) তালিকার ১৫৯ নম্বর ক্রমিকের মেসার্স অর্ক ট্রেডার্স। পিআইও কেন ১৫৯ নম্বর ক্রমিক বদলে এমন কাজ করলেন তা আমার বুঝে আসছে না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।  

অভিযোগকারী ঠিকাদার বলছেন, ইউএনও এবং দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়কসহ উপস্থিত সদস্যরা লটারির সঙ্গে সঙ্গে ক্রমিক নম্বর ও ঠিকাদার প্রতিষ্ঠানের নাম চিহ্নিত করে স্বাক্ষর করলে পিআইও এভাবে জালিয়াতি করার সুযোগ পেতেন না।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের