কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার চরের হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার উপহার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চড় হাওড়-বাওড় শহীদ ক্যাপ্টেন বাশার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুলতানের দেওয়া জুতা ও পোশাক শিশুদের মধ্যে বিতরণ করে আন্তর্জাতিক দাতা ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড ও ইএসডিও।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুসলিম এইড-ইউকে বাংলাদেশের কান্ট্রি অফিসের কোঅর্ডিনেটর-এডুকেশন মো. শাহওয়ালিউল্লাহ, ইএসডিও সিবিএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার, ইঞ্জিনিয়ার মঈদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
বিতরণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত ১৫-১৭ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। এ সময় তিনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৬০ জোড়া জুতা ও পোশাক বরাদ্দ করেন। সুলতানের সফরের সময় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার উপহার সামগ্রী গ্রহণ করেন। পরে ২-৬ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এসব উপহার বিতরণে সহায়তা করার জন্য মুসলিম এইড-ইউকে বাংলাদেশ’র কান্ট্রি অফিসকে অনুরোধ জানানো হয়। সেসব জুতা ও পোশাক ঢাকা, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।








