রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। দুই-একটি কেন্দ্রে ইভিএমে সমস্যা হলেও তাৎক্ষণিক সেটা ঠিক করা হয়েছে ‘
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ইভিএমে ত্রুটি, ৩০ মিনিট অপেক্ষার পর ভোট দিলেন জাপার মেয়র প্রার্থী
কয়েকজন ভোটারের আঙুলের ছাপ না মেলার প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সকালে ঘন কুয়াশা ও শীত ছিল। এ কারণে অনেকের হাতের আঙুল শক্ত হয়ে থাকায় কিছুটা সমস্যা হতে পারে।’
ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারেননি বলে সকালে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
আরও পড়ুন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ‘তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনও ত্রুটি ছিল না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ওয়ার্ড ৩৩টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
মেয়র পদে প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।









