গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষক চামেলি বেগমক অবরুদ্ধ করে জনতা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার পর হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম ও জুনিয়র শিক্ষক চামেলি বস্তাভর্তি বিভিন্ন শ্রেণির সরকারি বই নিয়ে আসেন ভাঙারির দোকানে। বইগুলো ওজন করার সময় স্থানীয় লোকজন টের পান। এক পর্যায়ে তারা অভিযুক্ত উত্তম ও চামেলিকে অবরুদ্ধ করে ইউপি সদস্যকে খবর দেন।
বই বিক্রির কথা স্বীকার করে শিক্ষক চামেলি বেগম বলেন, ‘বিদ্যালয়ের গুদাম পরিষ্কার করে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বইগুলো বিক্রির জন্য দোকানে নিয়ে যাওয়া হয়। বই বিক্রির টাকায় বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স মেরামত করা হবে।’
ইউপি সদস্য ফিরোজ কবির বলেন, ‘৪২৭ পিস সরকারি বই ষষ্ঠ থেকে বিভিন্ন শ্রেণির। বইগুলো বিক্রির সময় দুইজনকে আটক করেন স্থানীয়রা। বই বিক্রির সঙ্গে জড়িত দুইজনের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম জানান, বই বিক্রির ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









