বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে খুব দ্রুত নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। আওয়ামী লীগ তাদের অনির্বাচিত সরকারকে আবার অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু জনসাধারণের দাবি, দ্রুত সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
বুধবার (২৮ জুন) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনও অসুবিধা নেই- প্রধানমন্ত্রীর উক্তি ও আত্মবিশ্বাসহীনতাই প্রমাণ করে এ সরকারের দিন শেষ হয়ে গেছে। সবাই এটা বিশ্বাস করেন যে এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।’
তিনি অভিযোগ করেন, ‘তথাকথিত উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটের পথ সহজ করেছে আওয়ামী লীগ।’
এর আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।









