দিনাজপুরে নদীর পাড়ে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে পড়ে রায়হান (৫) ও সিফাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া ঘাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান শহরের ১ নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া ঝাউপাড়ার এলাকার জহুরুল ইসলাম এবং সিফাত একই এলাকার বাবুর ছেলে। রায়হান ও সিফাত সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জহিরুল ইসলামের ভাই রিঙ্কুর সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে যায় রায়হান ও সিফাত। কিছুক্ষণ পরে তাদের বাসায় রেখে আবার নদীতে মাছ ধরতে যান রিঙ্কু। পরে রায়হান ও সিফাত সবার অগোচরে আবারও মাছ ধরা দেখতে নদীর পাড়ে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদীর পানি থেকে তাদের উদ্ধার করে রিঙ্কু ও তার পরিবারকে খবর দেন। পরে তাদের প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।








