বিএনপি রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও শনিবার বিকাল থেকে দলটির রংপুর কার্যালয় ছিল নেতাকর্মী শূন্য। বার বার ঘোষণা দিয়েও হরতালের সমর্থনে কোনও মিছিল বের করতে পারেনি রংপুর মহানগর ও জেলা বিএনপি। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয় রবিবার হরতালের সমর্থনে তারা বিক্ষোভ করবেন।
এদিকে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় আশংকায় দুপুর থেকেই রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। একইভাবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পুলিশ ছিল। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মীর তৎপরতা আজ লক্ষ্য করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা জানান, বিএনপি রবিবার সারা দেশে হরতাল আহ্বান করেছে। সেই হরতালের সমর্থনে নগরীর সালেক পাম্পের সামনে থেকে মিছিল বের করা হবে।
মিছিলের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কোনও মিছিল বের করা হয়নি। এরপর একবার শাপলা চত্বর, একবার পায়রা চত্বর, একবার জাহাজ কোম্পানি এলাকা থেকে মিছিল করার ঘোষণা দেওয়া হলেও তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে পুলিশ সম্ভাব্য ওই সব স্থানে অবস্থান নেওয়ার কারণে মিছিল করেনি বিএনপি।
এমনকি নগরীর গ্রান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় সকাল থেকে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও নেতাকর্মীকে দেখা যায়নি। বিএনপি ও অঙ্গ সংগঠনের সবগুলো কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় অনেক নেতা গণমাধ্যমকর্মীদের ফোনও রিসিভ করেনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, নগরীতে পুলিশ তাদের রুটিন দায়িত্ব পালন করছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আগামীকালের হরতালের কোনও প্রভাব এখন পর্যন্ত রংপুর নগরীতে দেখা যায়নি। রংপুর নগরীর কামারপাড়া এলাকা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে।
তবে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত বাস বন্ধের কোনও ঘোষণা দেওয়া হয়নি। আগামীকাল অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে।









