দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত অবস্থায় দিন যাপন করছে মানুষ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। যদিও সকালেই সূর্য উঠেছে। তবে প্রখরতা খুব বেশি একটা নেই, সঙ্গে হিমেল বাতাসের প্রভাব আরও নাজেহাল করে তুলেছে মানুষকে।
শীতের যখন এমন অবস্থা তখন সরকারি নির্দেশনা থাকলেও দিনাজপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে পাঠদান। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দেননি শিক্ষা কর্মকর্তা। তবে জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তা।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় সাড়ে ৩ থেকে ৪ কিলোমিটার।
এর আগে, রবিবার এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার।
তীব্র শীতের কারণে নাজেহাল হয়ে পড়েছেন এই এলাকার মানুষজন। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। তারা কাজে বের হতে পারছেন না, আর বের হলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না। ফলে তাদের আয়-উপার্জনে পড়েছে ভাটা। তাছাড়া হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে দেখা দিয়েছে গরম কাপড়ের চাহিদা।
এদিকে তাপমাত্রা কম থাকলেও জেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে হচ্ছে পাঠদান। মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নির্দেশনা না পাওয়ায় বিদ্যালয়গুলোতে পাঠদান হচ্ছে।
দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও কলেজে গিয়ে দেখা গেছে, সেখানে যথারীতি চলছে পাঠদান। সংশ্লিষ্ট শিক্ষকরা জানিয়েছেন, মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলেও বিদ্যালয়ে পাঠদান বন্ধের বিষয়ে কোনও নির্দেশনা না দেওয়ায় তারা পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তাপমাত্রা কম হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। এ জন্য ঊর্ধ্বতন সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।
তবে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চললেও জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সব পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মাসে আরও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করবে।








