লালমনিরহাটে শ্রমিক লীগ নেতার মালিকানাধীন একটি পাথরবোঝাই ট্রাক থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সেতুর টোল প্লাজায় তল্লাশি করে গাঁজা ও ট্রাক আটক করে পুলিশ।
এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো- ট্রাকচালক সবুজ মিয়া (৩২) ও তার সহকারী রাকিব হাসান (২০)।
জানা গেছে, ট্রাকের মালিক ওই শ্রমিক লীগ নেতার নাম বুলবুল আহমেদ। তিনি লালমনিরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় তল্লাশির জন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৫০৪) আটক করা হয়। এ সময় ট্রাকের বডিতে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকের নম্বর দেখে স্থানীয় লোকজন ট্রাকটি লালমনিরহাটের শ্রমিক লীগ নেতা বুলবুল আহমেদের বলে শনাক্ত করেন। এরপর ট্রাকচালক, তার সহকারীকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকটি শ্রমিক লীগ নেতা বুলবুল আহমেদের বলে জানতে পারি।’









