বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই, বললেন স্বপ্নপূরণ হলো

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার তার হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অধিনায়ক মেহেদী ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরির সুযোগ পাওয়া ফেলানীর ছোট ভাইয়ের নাম আরফান হোসেন। তিনি বিজিবিতে সৈনিক পদে ১০৪তম ব্যাচে চাকরির সুযোগ পেয়েছেন। যোগদানের পর সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারলে তিনি চাকরিতে নিয়মিত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিজিবি।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন (১৪)। কাঁটাতারের বেড়ায় তার রক্তমাখা লাশ ঝুলে থাকে কয়েক ঘণ্টা। এ নিয়ে দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রতিবাদ সৃষ্টি হলে আন্তর্জাতিক চাপে পড়ে ভারত সরকার। প্রশ্নবিদ্ধ হয় তাদের সীমান্তনীতি। চাপের মুখে পড়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার শুরু করে বিএসএফ। তাদের গঠিত আদালতে দুই দফায় বেকসুর খালাস পান অমিয় ঘোষ। অমিয় ঘোষকে খালাস দেওয়ার রায় প্রত্যাখ্যান করে ২০১৫ সালে ভারতীয় সুপ্রিম কোর্টে যৌথ রিট আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম এবং ভারতীয় মানবাধিকারকর্মী কিরিটি রায়। কিন্তু একের পর এক তারিখ পিছিয়ে আজও সেই রিটের নিষ্পত্তি হয়নি। কাঁটাতারে ফেলানীর ঝুলে থাকা লাশের মতো বিচারও ঝুলে আছে।

লালমনিরহাট বিজিবি সূত্র জানায়, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়ন আয়োজিত সৈনিক পদে ১০৪তম ব্যাচের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন ফেলানীর ভাই আরফান। সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। এ সময় ফেলানীর বাবা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১১ সালে ফেলানী হত্যার পর থেকে দীর্ঘ ১৪ বছর ধরে বিচারের দাবি করে আসছে তার পরিবার। দীর্ঘ লড়াইয়ে নানা চড়াই-উতরাই ও সংকটের মধ্যে দিনাতিপাত করছিল পরিবারটি। তাদের দাবি ছিল, ফেলানীর ছোট ভাইবোনদের সরকারি চাকরির সুযোগ দিয়ে জীবন-জীবিকার স্থায়ী সংস্থানের সুযোগ করে দেওয়ার। ছোট ভাই আরফানের চাকরির সুযোগে পরিবারটি আশার আলো দেখতে পেলো। 

ফেলানীর ভাই আরফান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেলানী হত্যার পর মানুষ যে প্রতিবাদ জানিয়েছিল, তখন থেকেই আমার ইচ্ছে ছিল একদিন সুযোগ পেলে বিজিবিতে যোগ দেবো। আজ সেই স্বপ্নপূরণ হওয়ার পথে। সবার দোয়া চাই যেন ভালোভাবে প্রশিক্ষণ শেষ করে চাকরিতে নিয়মিত হতে পারি। আমাকে দেশের সীমান্তরক্ষার দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিজিবিকে ধন্যবাদ জানাই। আমার পরিবারের জন্যও এই চাকরি জরুরি ছিল।’

ফেলানীর বাবা নুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চোখের সামনে আমার মেয়েকে পাখির মতো গুলি করে হত্যার পর কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। সেই দৃশ্য আজও ভুলতে পারি না। তবে দেশবাসী আর বিজিবি সবসময় আমাদের পাশে ছিল। দোকান করে দিয়ে সহায়তা করেছে। আজ আমার ছেলে বিজিবিতে চাকরির সুযোগ পেলো। এটা আমার পরিবারের জন্য উপকার হলো।’

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানীর ছোট ভাই সৈনিক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সব প্রক্রিয়া শেষে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আগামীকাল আমাদের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করবে। আমরা বিশ্বাস করি, সফলভাবে প্রশিক্ষণ শেষে তিনি দক্ষ সৈনিক হিসেবে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত হবেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ