কুড়িগ্রামে ১২ দিন ধরে দুই বোন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৮

কুড়িগ্রামের রাজারহাটে হিন্দু ধর্মাবলম্বী দুই বোন নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। তাদের সন্ধান চেয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা।

নিখোঁজ দুই বোনের নাম স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণিমা রানী (১৮)। তারা উপজেলার উমরমজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুলশিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মনের মেয়ে। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর পূর্ণিমা একই কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর দুই বোন একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর বাসায় ফেরেননি। ওই দিন থেকে নিখোঁজ রয়েছেন তারা। রবিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত তাদের খোঁজ পায়নি পুলিশ ও পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন থেকে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। দুই মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বাবা শৈলেন্দ্র নাথ বর্মন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬ সেপ্টেম্বর দুই মেয়ে একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। আমি কিছু দূর তাদের এগিয়ে দিয়ে এসেছি। সারাদিন বাড়ি ফেরেনি। এরপর তাদের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাই। পরে রাতেই থানায় জিডি করি।’

‘কোনও বাবা-মায়ের একসঙ্গে দুই মেয়ে নিখোঁজ হলে তাদের অবস্থা কেমন হতে পারে একবার ভেবে দেখুন। কেউ তাদের আটকে রেখেছে কিনা, গুম করেছে কিনা তাও নিশ্চিত নই। আমার মেয়েরা জীবিত আছে কিনা, থাকলে কোথায়, কীভাবে আছে তাও জানি না। এগুলো জানার অধিকার তো আমার আছে’ বলেন স্কুলশিক্ষক এই বাবা।

তবে তারা দুই বোন এফিডেভিট করে ধর্মান্তরিত হয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী রাশেদুল ইসলাম রনি। তিনি বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর একজন হুজুর ও কয়েকজন নারীসহ ওই দুই বোন আমার কাছে এফিডেভিট করেছেন। তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে আমাকে জানান। এমনকি তারা সুরা ফাতিহা ও সুরা ইখলাস মুখস্থ বলেছেন। তার মানে তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। পরে নাম পরিবর্তনের জন্য আইনি কাগজপত্র প্রস্তুত করে চলে যান।’

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘তাদের সঙ্গে আসা হুজুর ও অন্য নারীদের আমি চিনি না। আমার সন্দেহ, সঙ্গে আসা হুজুর ও নারীরা দুই বোনের খোঁজ জানেন। তাদের খুঁজে পেলে দুই বোনকেও পাওয়া যাবে।’

দুই বোনের খোঁজে মাঠে পুলিশ

নিখোঁজ দুই বোনের সন্ধানে মাঠে কাজ করছে পুলিশের একাধিক দল। ইতিমধ্যে প্রযুক্তির সহায়তায় কুড়িগ্রামের নাগেশ্বরীর একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাদের পাওয়া যায়নি।

পুলিশ বলছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজারহাট ও নাগেশ্বরী থানা পুলিশ নাগেশ্বরী উপজেলা শহরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে হাসান ফেরদৌস নামের এক মৌলভীকে পাওয়া যায়। বাড়িতে বোরকা পরা বেশ কয়েকজন নারীর উপস্থিতির প্রমাণ পায় পুলিশ। নারী পুলিশের সহায়তায় তল্লাশির চেষ্টা করা হলেও হাসান ফেরদৌস ও তার লোকজন পুলিশকে সহায়তা করেননি। ফলে সেখান থেকে ফিরে আসে পুলিশ।

অভিযানকালীন (বর্তমানে পুলিশ লাইনসে সংযুক্ত) রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘নিখোঁজ দুই বোনের সর্বশেষ লোকেশন নিশ্চিত হয়ে নারী পুলিশসহ আমরা নাগেশ্বরীতে অভিযান পরিচালনা করি। সেখানে হাসান ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। লালমনিরহাটে এফিডেভিট করার সময় এই হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাড়ি তল্লাশিতে সহায়তা না করায় পুলিশ ফিরে আসে। অভিযানকে বিতর্কিত করতে পরদিন হাসান ফেরদৌস ও তাদের অনুসারীরা পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তবে দুই বোনের অনুসন্ধান অব্যাহত রেখেছে পুলিশ।’

জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বোনের সন্ধানে প্রযুক্তিগত দিকসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে পুলিশ। আশা করছি, শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার বাবা-ছেলের মরদেহ
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
বেয়াইনের সঙ্গে প্রেম করে জীবন শেষ, মাথা ও দেহ আলাদা করে মাটিচাপা
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা