জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘আমরা নিজে দেখেছি, গতকালকে তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না। একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে, যেটার কোনও অস্তিত্ব নেই এখন, তারা সরকার গঠন করতে পারবে কিনা, এটারও কোনও নিশ্চয়তা নেই, সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না।’
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘বিএনপির ওয়ার্ড-ইউনিয়নের সভাপতি-সেক্রেটারি, ক্ষেত্র বিশেষে উপজেলা সভাপতি-সেক্রেটারি কিংবা কোনও পদে নেই, কিন্তু তাদের কর্মী; এ রকম মানুষগুলো সাধারণ ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবে না। যারা এই দমন-পীড়নের রাজনীতি করতে চাইবে, তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি, কিন্তু দিতে হবে, না দিলে দেখে নেবো, এ ধরনের কথা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। আমরা এ বিষয়ে আজকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে লিখিত অভিযোগ দেবো। কিন্তু এটা কোনোভাবে মেনে নেবো না আমরা।’









