দিনাজপুরের কাহারোল উপজেলায় দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ ওই গৃহবধূ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ গৃহবধূর নাম আঁখি আক্তার (২৩)। তিনি কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা এবং তুহিন ইসলামের স্ত্রী। তুহিন ইসলাম পেশায় দন্ত চিকিৎসক। জয়নন্দ বাজারে তার দাঁতের চেম্বার রয়েছে। দাহ্য পদার্থে আঁখি আক্তারের মুখের বাম পাশ ঝলসে গেছে এবং পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।
আঁখি আক্তারের মামা আইয়ুব আলী (দিনমজুর) জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল আঁখির। প্রায় এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি বাবার বাড়ি চান্দুয়ারি গ্রামে চলে আসেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি কলপাড়ে পানি আনতে যান। পানি নিয়ে ফেরার সময় কে বা কারা বেড়ার ফাঁক দিয়ে তরল জাতীয় পদার্থ তার শরীর লক্ষ্য করে ছুঁড়ে মারে। এতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে মুখে পানি ঢালেন। পরে তাঁকে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পর থেকে আঁখির স্বজনরা তার স্বামী তুহিন ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, একজন গৃহবধূর শরীরে তরল জাতীয় পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জানতে পেরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ নিয়েছি। চিকিৎসকদের ভাষ্যমতে এটি অ্যালকালি জাতীয় কোনও পদার্থ হতে পারে। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।









