পঞ্চগড়-২ আসনের (বোদা-দেবীগঞ্জ) সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হওয়ার পর থেকে সরকারিভাবে যে বেতন পান, তা থেকে জেলার চার জুলাই যোদ্ধা পরিবারকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দিয়ে আসছেন। এবার আরও দুই জুলাই যোদ্ধা পরিবারের দুই সদস্যকে চাকরি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। এর মধ্য দিয়ে অন্যদেরও নতুন পথ দেখালেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ছয়টি জুলাই যোদ্ধা পরিবার রয়েছে। এর মধ্যে চারটিকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দিয়ে আসছেন। বাকি দুই জুলাই যোদ্ধা পরিবারের দুই সদস্যকে চাকরি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর সুপারিশে বোদা ও দেবীগঞ্জ—দুই উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন।
এ ছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম যোগদান করেছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্যমতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ শাহ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সুপারিশে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ১৯৭১ সালকে যেমন ধারণ করি, ঠিক তেমনি ২৪-কেও ধারণ করি। সেই জায়গা থেকে আমি শপথ গ্রহণের পর থেকে সরকারিভাবে যা সম্মানী (বেতন) পাই, তা থেকে জেলার ছয় জুলাই যোদ্ধা পরিবারের মধ্যে চার পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা দিই। পাশাপাশি বাকি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরি দিয়েছি।









