শিশুদের সুমধুর গানের টানে লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি নিভৃত পল্লিতে ছুটে গেলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামে গড়ে ওঠা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মায়ের তরী’ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ‘মায়ের তরী’র উদ্যোগে আয়োজিত শিশুদের লোকসংগীত চর্চা, লোকবাদ্যযন্ত্রের প্রশিক্ষণ এবং সংগঠনটির নানামুখী কার্যক্রম ঘুরে দেখেন। গ্রামবাংলার শেকড়ের সংস্কৃতির প্রতি শিশুদের এই অনুরাগ ও চর্চা কাছ থেকে দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন এবং প্রোগ্রাম অফিসার শাহপার সেলিম।
এ ছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, স্ট্রমি ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান, ‘মায়ের তরী’র সভাপতি প্রমোদ চন্দ্র বর্মণ, নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ, উপদেষ্টা পিন্টু সাহা এবং অন্যতম সংগঠক ইউসুফ আলমগীরসহ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনটির বিস্তৃত কার্যক্রম প্রসঙ্গে ‘মায়ের তরী’র নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ জানান, তৃণমূল পর্যায়ে বাঙালি সংস্কৃতির প্রসারে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তাদের উদ্যোগে বর্তমানে নয়টি ‘গুরুগৃহ’ পরিচালিত হচ্ছে। এসব গুরুগৃহে ছয় শতাধিক শিশু নিয়মিত লোকসংগীত ও দেশীয় লোকবাদ্যযন্ত্রের তালিম নিচ্ছে।









