কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি সেলিম মেম্বারের পক্ষের লোক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়ারহাট ইউনিয়নের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও ছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে।
এরপর বৃহস্পতিবার সকালে ওই জমি দখলে নিতে সেলিম মেম্বারের লোকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষে হুরমুজ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ কয়েকজন রয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড