রংপুর মহানগরীর আর কে রোড এলাকায় বিআরটিসির বাস কাউন্টারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ইঞ্জিনসহ পুরো বাসটি পুড়ে যায়।
পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে আর কে রোড এলাকায় বিআরটিসির বাস কাউন্টারের সামনে একটি গ্যারেজে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ারুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বাসটি পুড়ে গেছে।’
রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘বাসটি অকেজো অবস্থায় গ্যারেজে পড়ে ছিল। সেটি ব্যবহার উপযোগী ছিল না। সেই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’