পিরোজপুরের মঠবাড়িয়ায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ডে অবস্থানরত অন্য বাসের হেলপাররা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি। তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, বাসে কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
এর আগে গত ১৮ নভেম্বর পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি বাসের ভেতরে আগুনে পুড়ে সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়।