হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ গ্রামের অধিবাসীদের ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের সময় আশপাশে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাও গ্রামের জামাল সর্দার নামে এক যুবক পাশ্ববর্তী সুরাবই গ্রামের টমটম চালক আল আমিনে টমটমে করে স্থানীয় বাজারে আসে। এসময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এর জের হিসেবে আজ সোমবার সকাল ৯টা থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আশাপাশের আরও ৮ গ্রাম সংঘর্ষে লিপ্ত হয়ে পরে ১০ গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সুরুজ আলী, আলফু মিয়া, নজির মিয়া, মর্তুজা আলী, হাবিব মিয়া, শিবলু মিয়া, শাহিন মিয়া, সফর আলী, কামরুল মিয়া, তারেক মিয়া, জুয়েল মিয়া, ইউনুছ মিয়া, তাহের আলী, ফারুক মিয়া, বেলাল মিয়া, শাহাজাহান মিয়া, মতিন মিয়া, আব্দুল গনিসহ ২০ জনকে হবিঘঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৯৯ রাউন্ড রাবার বুলেট ও ৩১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৯৯ রাউন্ড রাবার বুলেট ও ৩১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/টিএন/
আরও পড়ুন:








