সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে ভবন থেকে ৯টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। জঙ্গিরা এ ভবনটিতে বিস্ফোরক রেখে ঝুঁকিপূর্ণ করে রেখেছিল। শনিবার (৮ এপ্রিল) বিকালে সিলেট র্যাব-৯ এর সদর দফতরে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ।
এর আগে দুপুরে আতিয়া মহল পরিদর্শন করে র্যাবের কাজের অগ্রগতি দেখেন বেনজির আহমদ। এরপর গ্রেনেড হামলায় আহতদের দেখতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন র্যাবের মহাপরিচালক।
প্রেস ব্রিফিং এ র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ বলেন, সেনাবাহিনীর প্যারা-কামান্ডো দলের অভিযানে চার জঙ্গি নিহত হওয়ার পর গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আতিয়া মহল পরিষ্কার (ক্লিনিং) এর কাজ শুরু করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। ভবন থেকে র্যাবের সদস্যরা দুটি লাশও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, জঙ্গিরা ভবনে আইইডি বোমা স্থাপন করে রেখেছিল। সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাব। ইতিমধ্যে ভবন থেকে ৯টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও ভবনের ভেতর থেকে বিস্ফোরক সরঞ্জাম, বোমা বানানোর সার্কিট ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ভবনটির তিনটি ফ্লোর পরিষ্কার করে রেখেছে র্যাব। পর্যায়ক্রমে অন্যান্য ফ্লোরেও অভিযান চালানো হবে। পুরো ভবনটি পরিষ্কার করার পর তা শীঘ্রই পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কয়েকদিন পরে যেহেতু বাংলা নববর্ষ সেদিকে লক্ষ্য রেখে সর্তক থাকতে র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পহেলা বৈশাখে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাও জোরদার করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরণে র্যাব ও পুলিশের কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় ওই বিস্ফোরকের সঙ্গে ভবন থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল রয়েছে কিনা তা ক্যামিকেল অ্যানালাইসিসের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, আতিয়া মহলের বাসিন্দারা যেকোনও তথ্য ও তাদের ব্যবহারিক আসবাবপত্রের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারবেন।
/বিএল/







